শুক্রবার, সেপ্টেম্বর-০৪, ২০২৬
বিশ্বকাপে বাংলাদেশের কোনো দল না থাকলেও আর্জেন্টিনার প্রতিটি ম্যাচ যেন কোটি বাংলাদেশির নিজের দলের লড়াই। সেই অকৃত্রিম ভালোবাসার কথা স্মরণ করে বাংলাদেশি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে তিনি বলেছেন, বাংলাদেশের মানুষকে আরও একটি আনন্দের উপলক্ষ উপহার দিতে চান।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, বাংলাদেশের মানুষের সমর্থন সবসময়ই তাদের মুগ্ধ করে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বসে আর্জেন্টিনার প্রতি এমন আবেগ ও ভালোবাসা সত্যিই অসাধারণ।
তিনি জানান, আকাশি-সাদা জার্সিতে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস দেখতে তার খুব ভালো লাগে। দল জিতলে সেই আনন্দের অংশ হতে পেরে খেলোয়াড় ও কোচিং স্টাফও গর্ব অনুভব করেন।
বিশ্বকাপের শুরু থেকেই বাংলাদেশে আর্জেন্টিনাকে ঘিরে দেখা গেছে ব্যাপক উন্মাদনা। দলের প্রতিটি জয় উদযাপনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বের হয়েছে আনন্দ মিছিল, ফুটেছে আতশবাজি এবং উড়েছে আর্জেন্টিনার পতাকা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই দৃশ্য আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক সাড়া ফেলেছে।
বাংলাদেশের সমর্থকদের এই আবেগ নতুন নয়। বহু বছর ধরেই আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি দেশের ফুটবলপ্রেমীদের বিশেষ টান রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সেই ভালোবাসা আরও গভীর হয়েছে, যা আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফদেরও নজর কেড়েছে।
এদিকে বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে বৃহস্পতিবার রাতে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আটলান্টার মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেমিফাইনালের এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। এরই মধ্যে ফ্রান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্পেন।
এখন আর্জেন্টিনার লক্ষ্য ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন আরও একধাপ এগিয়ে নেওয়া। আর সেই পথচলায় বাংলাদেশের কোটি সমর্থকের মুখে আবারও হাসি ফোটাতে চান স্কালোনি ও তার শিষ্যরা।