বিশ্বকাপ থেকে বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

  বিশেষ প্রতিনিধি । দেশ পত্রিকা     06-07-2026    130
বিশ্বকাপ থেকে বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পরই জাতীয় দলের জার্সিতে নিজের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন তিনি।

ব্রাজিলের শীর্ষ সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় নেইমার বলেন, ব্রাজিলের হয়ে এটিই ছিল তাঁর শেষ ম্যাচ।

ম্যাচ শেষে আবেগাপ্লুত কণ্ঠে নেইমার বলেন, “আমি চেষ্টা করেছি। নিজের সর্বোচ্চটাই দিয়েছি। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার পথচলা শুরু হয়েছিল, আর এখানেই শেষ হলো। এখন সব শেষ।”

এই ঘোষণার মধ্য দিয়ে ব্রাজিল জাতীয় দলের হয়ে প্রায় দেড় দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

২০১০ সালে ব্রাজিলের জার্সিতে অভিষেকের পর খুব দ্রুতই জাতীয় দলের অন্যতম ভরসার প্রতীকে পরিণত হন নেইমার। বর্তমানে তিনিই ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। জাতীয় দলের হয়ে ৮০টি গোল করেছেন তিনি, যা ব্রাজিলের ফুটবল ইতিহাসে সর্বাধিক। এছাড়া তাঁর রয়েছে চারটি হ্যাটট্রিক। প্রতিপক্ষ হিসেবে জাপানের বিপক্ষে সর্বোচ্চ নয়টি গোল করেছেন এই তারকা।

ক্যারিয়ারে ২০১৩ সালে ব্রাজিলকে ফিফা কনফেডারেশন্স কাপের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেইমার। পাশাপাশি ২০১৬ সালের রিও অলিম্পিকে ব্রাজিলকে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক এনে দেওয়ার অন্যতম নায়কও ছিলেন তিনি।

তবে এবারের বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ ষোলোতে আর্লিং হালান্ডের জোড়া গোলে নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় সেলেসাওদের। অন্যদিকে, এই জয়ের মাধ্যমে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে নরওয়ে।

বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশার মধ্যেই নেইমারের অবসরের ঘোষণা ব্রাজিল সমর্থকদের জন্য আরও বড় ধাক্কা হয়ে এসেছে। দীর্ঘদিন ধরে ব্রাজিলের আক্রমণভাগের প্রাণভোমরা ছিলেন তিনি। তাঁর বিদায়ের মধ্য দিয়ে ব্রাজিল ফুটবলের একটি গৌরবময় অধ্যায়েরও সমাপ্তি ঘটল।

খেলাধুলা-এর আরও খবর