শুক্রবার, সেপ্টেম্বর-০৪, ২০২৬
মাগুরায় আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় যোগ দিয়ে ভোট চাইলেন সাকিব আল হাসান। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়।
দুপুর ১২টায় শহরের নোমানীয় ময়দান থেকে এ বিজয় শোভা যাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে আবারও নোমানী ময়দানে এসে শেষ হয়।
শোভাযাত্রার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ফাত্তার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান, মাগুরা-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. বিরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডসহ অনেকে।
মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান তার বক্তব্যে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে উপস্থিত নেতা-কর্মীদের নৌকার পক্ষে কাজ করার আহবান জানান। তিনি বলেন, আসন্ন নির্বাচনে মাগুরা-২ আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই।