শুক্রবার, সেপ্টেম্বর-০৪, ২০২৬
কক্সবাজারের মহেশখালীতে সিএনজিচালিত অটোরিকশাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ওই অটোরকিশার এক যাত্রী গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা-মাতারবাড়ী সড়কের ধারাখালের পূর্ব দিকে এ ঘটনা ঘটেছে।
গুলিবিদ্ধ ওই যাত্রীর নাম আজিজুল হক (৪০)। তিনি উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ রাজঘাট এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।
আজিজুল হককে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে,বুধবার রাতে পাঁচজন যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা চকরিয়ার বদরখালী স্টেশন থেকে মাতারবাড়ীতে যাচ্ছিল।
অটোরিকশাটি উত্তর নলবিলা-মাতারবাড়ী সড়কের ধারাখালের পূর্ব দিকে পৌঁছালে দুর্বৃত্তরা পেছন থেকে ধাওয়া করে।
কিন্তু অটোরিকশাটি থামাতে না পেরে দুর্বৃত্তদের মধ্যে একজন একটি গুলি ছোড়েন। এ সময় অটোরিকশার যাত্রী আজিজুল হক গুলিবিদ্ধ হন।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান মহেশখালীর মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হাসান মাহমুদ।
তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি জানিয়ে তিনি বলেন, দুর্বৃত্তদের ছোড়া গুলিতে অটোরিকশার এক যাত্রী আহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
তবে এ ঘটনায় বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি।