বাংলাদেশে লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

  বিশেষ প্রতিনিধি । দেশ পত্রিকা     15-07-2026    197
বাংলাদেশে লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

বাংলাদেশে বিশেষ করে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। একই সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক বিনিয়োগ প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান সহযোগিতার ইতিবাচক গতিকে আরও কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছে দুই দেশ।

বুধবার রাজধানীর বিনিয়োগ ভবনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর সঙ্গে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের বৈঠকে এ আগ্রহের কথা জানানো হয়।

বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন বিডার নির্বাহী চেয়ারম্যান এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী। এ সময় পিপিপি কর্তৃপক্ষ, বিডা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সৌদি উপমন্ত্রী বাংলাদেশের বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি এবং ব্যবসা সহজীকরণের উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, এই অগ্রাধিকার সৌদি আরবের নিজস্ব অর্থনৈতিক কৌশলের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

তিনি আরও বলেন, সৌদি আরব নিজেকে বৈশ্বিক লজিস্টিকস হাব হিসেবে গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে দেশটি বিভিন্ন অগ্রাধিকারপ্রাপ্ত খাতে শীর্ষস্থানীয় সৌদি প্রতিষ্ঠানগুলোর বিদেশে বিনিয়োগে সহায়তা দিচ্ছে। পাশাপাশি বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর জন্য নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং সৌদি আরবে ব্যবসা করতে আগ্রহী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকেও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

আলোচনায় চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে রেড সি গেটওয়ে টার্মিনালের (আরএসজিটি) কার্যক্রমও গুরুত্ব পায়। সৌদি উপমন্ত্রী জানান, বাংলাদেশে আরএসজিটির কার্যক্রমে ৯৮ শতাংশের বেশি কর্মী বাংলাদেশি। দক্ষ মানবসম্পদ উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সামুদ্রিক লজিস্টিকস খাতে আরও বিনিয়োগের সুযোগ খুঁজছে প্রতিষ্ঠানটি।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, আলোচনায় এমন কয়েকটি সম্ভাবনাময় খাত চিহ্নিত হয়েছে, যেখানে সৌদি আরবের গভীর আগ্রহ রয়েছে এবং যা বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে লজিস্টিকস ও সাপ্লাই চেইন নেটওয়ার্ক, কোল্ড স্টোরেজ, বন্দর অবকাঠামো এবং আর্থিক সেবা খাতে যৌথ বিনিয়োগের বড় সুযোগ রয়েছে।

তিনি আরও জানান, বিডা ইতোমধ্যে একাধিক সৌদি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে, যাতে তারা বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা সম্পর্কে আরও বিস্তারিত ধারণা লাভ করতে পারে এবং গুরুত্বপূর্ণ বিনিয়োগ আলোচনা দ্রুত এগিয়ে নেওয়া যায়।

বৈঠক শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয়-এর আরও খবর