ফিলিস্তিনি মানুষকে বাঁচতে দিন: হোসাম হাসান

  বিশেষ প্রতিনিধি    07-07-2026    212
ফিলিস্তিনি মানুষকে বাঁচতে দিন: হোসাম হাসান

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের আগে ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি সংহতি প্রকাশ করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বিশ্বজুড়ে ক্রীড়াবিদ, সাংবাদিক ও সাধারণ মানুষের প্রতি ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে মিশর। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে দল ও ম্যাচের প্রস্তুতি নিয়ে প্রশ্নের পাশাপাশি ফিলিস্তিনের চলমান মানবিক সংকট নিয়েও খোলামেলা কথা বলেন হোসাম হাসান।

এর আগে রাউন্ড অব ৩২-এ অস্ট্রেলিয়াকে হারানোর পর ফিলিস্তিনের পতাকা হাতে দেখা গিয়েছিল তাকে। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, আর্জেন্টিনাকে হারাতে পারলে তিনি আবারও একইভাবে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাবেন কি না।

জবাবে হোসাম হাসান বলেন, “পৃথিবীর যেখানেই থাকুক, কেউ যদি ফিলিস্তিনের মানুষের কষ্ট অনুভব না করেন, তাহলে তিনি তার মানবতার একটি অংশ হারিয়ে ফেলেছেন।”

তিনি আরও বলেন, “আমি আরব, মুসলিম বা খ্রিস্টান হওয়ার আগে একজন মানুষ। ফুটবল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাংস্কৃতিক মাধ্যমগুলোর একটি। আমি এই মঞ্চ থেকে শুধু একটি বার্তা দিতে চাই—দয়া করে ফিলিস্তিনের মানুষকে বাঁচতে দিন। বিশ্বের সব ক্রীড়াবিদ ও সাংবাদিকের কাছে আমার আহ্বান, আপনারাও এই বার্তাটি ছড়িয়ে দিন।”

মানবাধিকার নিয়ে কথা বলতে গেলে ফিলিস্তিনের সাধারণ মানুষের দুর্ভোগও সমান গুরুত্ব পাওয়া উচিত বলে মন্তব্য করেন মিশর কোচ। তিনি বলেন, “যখন আমরা মানবাধিকার, প্রাণীর অধিকার কিংবা ন্যায়বিচারের কথা বলি, তখন ফিলিস্তিনের সাধারণ মানুষের কথাও বলা উচিত।”

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশেষজ্ঞ সেখানে সংঘটিত ঘটনাকে গণহত্যা হিসেবে বর্ণনা করলেও ইসরায়েল সেই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে।

এদিকে, বিশ্বকাপের নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের পোশাক বা সরঞ্জামে রাজনৈতিক বার্তা প্রদর্শনের অনুমতি নেই। তবে সংবাদ সম্মেলনে কোচদের রাজনৈতিক মত প্রকাশের ওপর কোনো স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে—এমন তথ্য পাওয়া যায়নি।

ফুটবল প্রসঙ্গেও আত্মবিশ্বাসী ছিলেন হোসাম হাসান। তিনি বলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে তাদের দলকে অনেকেই পিছিয়ে রাখছেন। তবে মাঠে লড়াই করার জন্য তার দল পুরোপুরি প্রস্তুত।

হাসান বলেন, “আমরা জানি, আমরা বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে খেলতে নামছি। তাদের দলে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারও আছে। কিন্তু আমরা তাদের ভয় পাই না।”

তিনি আরও বলেন, “আমরা শুধু মিশরের প্রতিনিধিত্ব করছি না। আমরা আরব বিশ্ব এবং আফ্রিকার প্রতিনিধিত্বও করছি। এই দায়িত্ব আমাদের নিজেদের খেলায় মনোযোগী থাকতে সাহায্য করে। মাঠে আমরা কী করতে পারি, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

আন্তর্জাতিক-এর আরও খবর