ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩ হাজার ৩৪২, অব্যাহত উদ্ধার অভিযান

  বিশেষ প্রতিনিধি । দেশ পত্রিকা     06-07-2026    160
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩ হাজার ৩৪২, অব্যাহত উদ্ধার অভিযান

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া অন্তত ১৬ হাজার ৭০০ জন আহত হয়েছেন এবং হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

সোমবার (৬ জুলাই) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসে দেশটিতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা অঞ্চল। সেখানে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পে ৮৫৬টি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত এবং অন্তত ১৯০টি স্থাপনা সম্পূর্ণ ধসে পড়েছে।

এ পর্যন্ত ৮৬ হাজার ৭৯৪টি ক্ষতিগ্রস্ত পরিবারকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে। তবে এখনও ১৭ হাজার ৩৪৫ জন মানুষ গৃহহীন অবস্থায় রয়েছেন।

উদ্ধার তৎপরতা জোরদার করতে ক্ষতিগ্রস্ত এলাকায় ৪ হাজার ৮৮ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাজধানী কারাকাস থেকে ২৯ হাজার ৫৬৭ জন কর্মী এবং ২৭ হাজার ৪৮২ জন স্বেচ্ছাসেবক ত্রাণ ও উদ্ধার কাজে অংশ নিচ্ছেন।

তথ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত ৯ হাজার ৫৮৫ টন খাদ্যসামগ্রী এবং ৬ লাখ ৬৯ হাজার ৮ লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। এছাড়া ২৩ হাজার ৮২০ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের জন্য ৭৯টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকে এখন পর্যন্ত ৯৯৫টি আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে।

উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপে আটকে পড়াদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন। ফলে মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আন্তর্জাতিক-এর আরও খবর