অনুদানের তালিকায় মেয়ের নাম, জামায়াত এমপির পিএস বরখাস্ত

  বিশেষ প্রতিনিধি    28-06-2026    116
অনুদানের তালিকায় মেয়ের নাম, জামায়াত এমপির পিএস বরখাস্ত

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিলের অনুদানপ্রাপ্তদের তালিকায় তার মেয়ের নাম দুইবার অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগে সৃষ্টি হওয়া ব্যাপক সমালোচনার পর তার ব্যক্তিগত সহকারী (পিএস) আবু সালেহ মোহাম্মদ গোফরানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

রোববার (২৮ জুন) বাংলাদেশ জাতীয় সংসদের অফিসিয়াল প্যাডে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে আবু সালেহ মোহাম্মদ গোফরানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদেশটি গত ২৬ জুন থেকে কার্যকর হয়েছে বলে উল্লেখ করা হয়।

এর আগে সংসদ সচিবালয়ের অনুমোদিত ঐচ্ছিক তহবিলের অনুদানপ্রাপ্তদের একটি তালিকায় সংসদ সদস্যের মেয়ের নাম দুই পৃথক স্থানে অন্তর্ভুক্ত থাকার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রকাশ্যে আসার পর তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার পর সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু দাবি করেন, নির্ধারিত সময়ের মধ্যে অনুদানপ্রাপ্তদের তালিকা জমা দেওয়ার দায়িত্ব তিনি তার ব্যক্তিগত সহকারীকে দিয়েছিলেন। তবে তার অগোচরে পরিচিত কয়েকজন ব্যক্তির নাম তালিকায় যুক্ত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও জানান, বিষয়টি নজরে আসার পর প্রাথমিকভাবে তদন্ত করে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিগত সহকারীকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পর্যবেক্ষকদের মতে, জনপ্রতিনিধিদের তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং অনুদান বণ্টনে অনিয়ম ঠেকাতে আরও কঠোর নজরদারি প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের বিতর্কিত পরিস্থিতির সৃষ্টি না হয়।

সারাদেশ-এর আরও খবর