প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ

  বিশেষ প্রতিনিধি    28-06-2026    58
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। এ আয়োজনে অংশ নিয়ে শিক্ষার্থীরা সংসদ কার্যক্রম সম্পর্কে সরাসরি জানার পাশাপাশি সরকারপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ পান।

রোববার জাতীয় সংসদ ভবন-এর ভিআইপি ক্যাফেটেরিয়ায় আয়োজিত এই মধ্যাহ্নভোজে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযান-এর সহযোগী প্রতিষ্ঠান ‘সুরভী’-এর মাধ্যমে আগত সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষকসহ ২১ জন এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটি-এর শিক্ষার্থী ও শিক্ষকসহ মোট ১৬ জন অংশগ্রহণ করেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেন এবং তাদের পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যক্তিগত অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, তরুণ প্রজন্মকে নিজেদের দক্ষ, যোগ্য এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মই বাংলাদেশের ভবিষ্যৎ। একটি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।

প্রধানমন্ত্রীর আয়োজনে এই বিশেষ মধ্যাহ্নভোজে অংশগ্রহণের সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা সরকারপ্রধানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

জানা গেছে, সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা গ্রহণ করেন। পাশাপাশি তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন, উত্তর প্লাজায় ফটোসেশন এবং সংসদ অধিবেশন কক্ষে উপস্থিত থেকে সংসদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পান।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাতীয়-এর আরও খবর