শুক্রবার, সেপ্টেম্বর-০৪, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি আবারও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে, তাহলে খুব শিগগিরই তাকে একাই সেই যুদ্ধের দায়িত্ব নিতে হতে পারে।
সোমবার সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি জানান, যুদ্ধ চালিয়ে যাওয়ার সম্ভাব্য পরিণতি সম্পর্কে নেতানিয়াহুকে সতর্ক করেছেন। ট্রাম্প বলেন, “আমি তাকে বলেছি, তোমাকে সতর্ক থাকতে হবে। অন্যথায় খুব শিগগিরই তুমি একা হয়ে যেতে পারো।”
এমন এক সময়ে ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো, যখন এপ্রিল মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় উত্তেজনার ঘটনার পর ইরান ও ইসরায়েল উভয়ই সাময়িকভাবে হামলা বন্ধ রাখার কথা জানিয়েছে। একই সঙ্গে শান্তিচুক্তির লক্ষ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে।
এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প উভয় পক্ষকে গুলি ও হামলা বন্ধ রাখার আহ্বান জানান। তিনি বলেন, “শান্তির লক্ষ্যে চূড়ান্ত আলোচনা চলবে, যদি না অজ্ঞতা বা নির্বুদ্ধিতা এতে বাধা হয়ে দাঁড়ায়।”
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প টেলিফোনে নেতানিয়াহুর সঙ্গে কথা বলে নতুন করে হামলা না চালানোর আহ্বানও জানিয়েছিলেন।
এর আগে রবিবার বৈরুতে ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যেকোনো শান্তিচুক্তি আংশিকভাবে লেবাননের সংঘাত বন্ধ হওয়ার ওপর নির্ভরশীল।
বৈরুত হামলার জবাবে ইরান উত্তর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর পরিপ্রেক্ষিতে রবিবার সন্ধ্যায় ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলে পাল্টা হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানান। তবে সোমবার ভোরে ইসরায়েল ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়।
ইসরায়েলি হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি পেট্রোকেমিক্যাল স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়। জবাবে ইরান হাইফার একটি অনুরূপ স্থাপনা এবং দুটি ইসরায়েলি বিমানঘাঁটিতে হামলা চালায়। এ সময় নিক্ষেপ করা বহু ক্ষেপণাস্ত্র অধিকৃত পশ্চিম তীরের আকাশসীমায় প্রতিহত করা হয়।
মধ্যপ্রাচ্যের চলমান এই উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা এবং সম্ভাব্য শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সূত্র: আল-জাজিরা