শুক্রবার, সেপ্টেম্বর-০৪, ২০২৬
চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি আরও জটিল ও উদ্বেগজনক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, এবার ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে রক্তক্ষরণজনিত জটিলতা দেখা দেওয়ার ঝুঁকি রয়েছে। তাই রোগটির বিস্তার রোধে এখনই সর্বোচ্চ সতর্কতা ও সচেতনতা জরুরি।
শনিবার সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, চিকিৎসকদের মতে চলতি বছরের ডেঙ্গুর ধরন হেমোরেজিক (Hemorrhagic) রূপ ধারণ করতে পারে, যা রোগীদের জন্য অধিক ঝুঁকিপূর্ণ। ডেঙ্গু আক্রান্ত হওয়ার পাশাপাশি রক্তক্ষরণজনিত জটিলতাও দেখা দিতে পারে। এ কারণে জনগণকে আগাম সতর্ক থাকার এবং মশার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
ডেঙ্গু প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই মোবাইল কোর্ট পরিচালনা শুরু হবে। কোনো প্রতিষ্ঠান বা স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিটি কর্পোরেশনের সাম্প্রতিক জরিপ অনুযায়ী, দক্ষিণ সিটির ৬৩টি ওয়ার্ড ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে, যার মধ্যে ২৮টি ওয়ার্ডকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তিনি নগরবাসীকে নিজ নিজ বাসা, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানান।